গাংনীতে শিক্ষক নিয়োগে জালিয়াতি

Printed Edition

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

মেহেরপুরের গাংনীতে করমদি দারুচ্ছুন্নাহ নেছারিয়া দাখিল মাদরাসার সুপার আবু জাফর ও পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে জাল স্বাক্ষরে পাঁচ স্বজনকে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। নিয়োগপ্রাপ্তরা হলেন সুপারের ছেলে, ভাগ্নি, ভাতিজা এবং অন্য দুই কর্মী। নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

জানা গেছে, শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি ও সদস্য সচিবের স্বাক্ষর জাল করে গত বছরের ১৭ অক্টোবর তাদের নিয়োগ দেখানো হয়। শিক্ষা অফিসের তথ্য মতে, পরীক্ষা ছাড়াই কাগজপত্রে জালিয়াতি করা হয়েছে। ডিজি প্রতিনিধির মনোনয়ন বাতিল থাকা সত্ত্বেও অবৈধভাবে নিয়োগ সম্পন্ন করে বেতনের জন্য চাপ সৃষ্টি করছেন সুপার।

এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারাপ্রাপ্ত মনিরুল ইসলাম গত ২৩ মে সুপার আবু জাফরকে কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু তিন কার্যদিবসের মধ্যে জবাব দেয়ার কথা থাকলেও তিনি তা দেননি। মহাপরিচালকের প্রতিনিধি সহকারী পরিচালক অর্থ মোহাম্মদ শুকুর আলম এবং নিয়োগ বোর্ডের সদস্যসচিব মোছা: শামসুন্নাহার নিশ্চিত করেছেন, ফলাফলের স্বাক্ষরের বিষয়টি সম্পূর্ণ জাল। তবে এসব অভিযোগ অস্বীকার করে সুপার নিয়োগকে বৈধ দাবি করেছেন। মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, শোকজের জবাব না দেয়ায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।