দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী এ কে এম আফজালুল আনামের নির্বাচনী জনসভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা শ্রী বিকাশ চন্দ্র রায় বলেছেন, আমাদের পূজামণ্ডপে দাড়ি ও টুপি পরা মুসলিম স্বেচ্ছাসেবকরাই নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার এই পরিবেশ ধরে রাখার আহ্বান জানান তিনি।
সম্প্রতি ১১ দলীয় জোটের পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, চলতি বছর দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে এবং কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল হক। উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহাবুব আলম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী এ কে এম আফজালুল আনাম বলেন, নির্বাচিত হলে সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর জন্য কার্যকর উদ্যোগ নেয়া হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিউর রহমান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিনাজপুর-২ আসনের পরিচালক তৈয়ব আলী, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়ক ও এনসিপি দিনাজপুর জেলা সাংগঠনিক সম্পাদক এবং খেলাফত মজলিসের বোচাগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ আব্দুল ওয়াহিদ শাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা।
বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে শান্তি, ন্যায় ও সম-অধিকারভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে আগত নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন।



