রংপুর ব্যুরো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পরপরই রংপুর মহানগরীতে বিশেষ গাড়ি মহড়া পরিচালনা করেছে মহানগর পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ লাইনস থেকে শুরু হওয়া এ মহড়ায় নেতৃত্ব দেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মো: মজিদ আলী।
মহড়ার গাড়িবহরটি পুলিশ লাইনস থেকে বের হয়ে বাংলাদেশ ব্যাংক মোড়, মেডিক্যাল মোড়, টার্মিনাল, বিনোদপুর, দর্শনা, মডার্ন, দমদমা, সাতমাথা, সিগারেট কোম্পানি মোড় ও জাহাজ কোম্পানি মোড় প্রদক্ষিণ শেষে মহানগর পুলিশ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সাইরেন বাজিয়ে পুলিশের প্রায় ২০টি গাড়ি এতে অংশ নেয়। একই দিনে মহানগরীর ছয়টি থানাতেও এ কার্যক্রম পরিচালিত হয়।
মহড়ার সময় মডার্ন মোড়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) তোফায়েল আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু, নিরাপদ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং সমান সুযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ। নগরবাসীকে আশ্বস্ত করতে চাই- নির্বাচন নির্বিঘœ রাখতে পুলিশ সাহসী ও উদ্যমী ভূমিকা পালন করবে। আইনশৃঙ্খলা বিঘœকারী যেকোনো শক্তিকে কঠোরভাবে মোকাবেলা করা হবে।
মহড়া প্রসঙ্গে পুলিশ কমিশনার মো: মজিদ আলী বলেন, তফসিল ঘোষণার পর থেকেই বিশেষ মহড়া শুরু হয়েছে, যা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত চলবে। এটি যেমন নগরবাসীকে নিরাপত্তার বার্তা দিচ্ছে, তেমনি অপরাধীদের জন্য কঠোর সতর্কবার্তাও। তিনি রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান।



