প্রযুক্তি ডেস্ক
বিশ্বজুড়ে লাখো মানুষের ভরসার অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই সুবিশাল গ্রাহকগোষ্ঠীকে উন্নত সেবা দিয়ে মনেটাইজ করার উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় স্টার্টআপ বিশেষজ্ঞ কুনালকে নিয়োগ দিয়েছে মেটা। কুনাল শাহকে নিয়োগ দেয়ার পাশাপাশি তার নিজের হাতে গড়ে তোলা ভোক্তা পর্যায়ের আর্থিক প্রতিষ্ঠান ক্রেড-এ ৯০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেটা।
বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তারা উচ্চপদে নিয়োগ পাচ্ছেন। এক অর্থে সিলিকন ভ্যালির দখল এখন ভারতীয়দের হাতেই। সুন্দর পিচাই, সত্য নাদেলা, অরবিন্দ কৃষ্ণ, নিকেশ অরোরা, সাজিথ পাই এসব বড় বড় নামের তালিকায় এবার যোগ দিলেন কুনাল শাহ।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, কুনাল ক্রেডকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপের প্রধান হিসেবে যে ধরনের উদ্যমী মানসিকতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন, সেটা কুনালের মধ্যে আছে বলে মনে করেন জাকারবার্গ।
ভারতের ফিনটেক খাতের অভিজ্ঞ উদ্যোক্তা ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে কুনাল শাহ সুপরিচিত। তিনি ২০১৮ সালে ক্রেডের গোড়াপত্তন করেন। এর আগে তিনি নিজের হাতে গড়ে তোলা একটি পেমেন্ট স্টার্টআপ প্রতিষ্ঠানকে ই-কমার্স খাতের বড় প্রতিষ্ঠান স্ন্যাপডিলের কাছে প্রায় ৪০০ মিলিয়ন ডলারে বিক্রি করেন। তবে গত কয়েক বছরে ক্রেডের দিকেই বেশি নজর দিয়েছেন তিনি। সময়মতো ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার জন্য গ্রাহকদের পুরস্কার দেয়ার অভিনব উদ্যোগের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু করেন তিনি। এরপর দ্রুত কাজের সম্প্রসারণ ঘটিয়ে ক্রেড সম্পদ ব্যবস্থাপনা, বিমা ও ঋণ সেবা দিতে শুরু করে। গ্রাহকের সংখ্যা বেড়ে এক কোটি ৭০ লাখ হয়। তার এই অভিজ্ঞতা হোয়াটসঅ্যাপকে লাভজনক করে তুলতে ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।
২০২১ সালে প্রকাশিত সরকারি হিসাব মতে, হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার ভারত। দেশটিতে হোয়াটসঅ্যাপের গ্রাহকের সংখ্যা ৫০ কোটি। কিন্তু বিশ্লেষকদের মত, এত গ্রাহক থাকা সত্ত্বে¡ও জনপ্রিয় পেমেন্ট সেবা দিতে ব্যর্থ হয়েছে মেটার এই প্ল্যাটফর্ম। গত মে মাসে ভারতের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে গ্রাহক সেবা দেয়ার নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে গ্রাহকদের স্বয়ংক্রিয় ভাবে বুকিং দেয়াসহ অন্যান্য সেবা দেয়া সম্ভব।



