মার্কিন পাইলটের চাঞ্চল্যকর বর্ণনা

আকাশে ইরানি ড্রোনের রহস্যময় জেলিফিশ

Printed Edition

সিএনএন

গত এপ্রিলে ইরানি বাহিনীর হামলায় ভূপাতিত একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলট আকাশ থেকে প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়ার ঠিক আগমুহূর্তে এক অভূতপূর্ব ও চোখধাঁধানো দৃশ্য দেখার দাবি করেছেন। তার বর্ণনা অনুযায়ী, আকাশে অসংখ্য ইরানি ড্রোন নিখুঁত সমন্বয়ে একসাথে নড়াচড়া করছিল, যা দূর থেকে দেখতে একটি বিশাল ‘জেলিফিশ’-এর মতো লাগছিল। ঘটনার সাথে সংশ্লিষ্ট চারটি নির্ভরযোগ্য সূত্র সিএনএনকে এই চাঞ্চল্যকর খবরটি অবহিত করেছে।

উদ্ধারের পর মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ওই পাইলট যে জবানবন্দী দিয়েছেন, তা আগে কখনো জনসমক্ষে আসেনি। এই চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর থেকেই মার্কিন গোয়েন্দা মহলে তীব্র বিতর্ক ও বিশ্লেষণ শুরু হয়েছে, যা এখনো অবসান হয়নি। সংশ্লিষ্টরা মনে করছেন, পাইলটের এই দাবি যদি সত্য হয়, তবে তা ইরানের ড্রোন প্রযুক্তির অবিশ্বাস্য অগ্রগতির এক বড় প্রমাণ। ঘটনার বিষয়ে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, আকাশে অনেকগুলো ড্রোন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটি একক জীবন্ত সত্তার মতো আচরণ করছিল; যেখানে বড় আকৃতির ড্রোনগুলোর নিচে ছোট ড্রোনগুলো জেলিফিশের পায়ের মতো ঝুলছিল। প্রত্যক্ষদর্শী পাইলট এই দৃশ্যকে আকাশে ড্রোনের এক ‘মাইনফিল্ড’ এবং পুরোপুরি ‘ভিনগ্রহের কারবার’ বলে অভিহিত করেছেন।

যদিও এফ-১৫ বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো খতিয়ে দেখা হচ্ছে, তবে দুটি সংশ্লিষ্ট সূত্রের প্রাথমিক ইঙ্গিত-ড্রোনের এই বিশেষ কৌশলগত অবস্থানটিই মার্কিন যুদ্ধবিমানটিকে সফলভাবে গুলি করে নামাতে ইরানকে বড় ধরনের সুবিধা দিয়েছিল।