নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে মোহাম্মদপুরের চাঞ্চল্যকর কিশোর গ্যাং লিডার ‘এলেক্স ইমন’ হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচ শতাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য।
মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার হত্যা মামলার আসামি গ্রেফতার : রাজধানীর মোহাম্মদপুরে গত ১২ এপ্রিল কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের প্রধান ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি জহিরুল ইসলাম ওরফে রিপোল ওরফে বিপুলসহ চারজনকে গতকাল শুক্রবার গ্রেফতার করেছে র্যাব-২। কাটাসুর ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশী পিস্তল, একটি একনলা বন্দুক ও সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
কদমতলীতে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক : রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় র্যাব-১০-এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে চারজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও দু’টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এই চক্রের অন্যতম সদস্য মো: স্বপন একজন চিহ্নিত অপরাধী, যার বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা ও মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১২ জন গ্রেফতার : রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএমপি সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ৫১২ জনকে গ্রেফতার করেছে। এই অভিযানে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৭১ জন, ওয়ারী বিভাগে ৭০ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনকে গ্রেফতার করেছে। অভিযান চলাকালে ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, এক কেজি ২০৪ গ্রাম গাঁজা এবং অপরাধকর্মে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


