গণতান্ত্রিক শক্তির ঐক্যের আহ্বান মুসলিম লীগের

Printed Edition

বাংলাদেশ মুসলিম লীগ ৩৬ জুলাইয়ের বিজয় ও গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে। বুধবার পল্টন, বিজয়নগর ও কাকরাইল এলাকা প্রদক্ষিণ শেষে বিজয়নগরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দলের সভাপতি জুবেইদা কাদের চৌধুরী জাতীয় স্বার্থে সরকার, বিরোধী দলসহ সব গণতান্ত্রিক শক্তির প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে তিনি বলেন, ৩৬ জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত প্রায় এক হাজার ৪০০ শহীদ ও নির্যাতিত হাজারো তরুণের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে। তার দাবি, মুসলিম লীগের নেতৃত্বে ১৯৪৭ সালের স্বাধীনতার যে ধারা সূচিত হয়েছিল, ২০২৪ সালের ৩৬ জুলাইয়ের গণ-অভ্যুত্থান সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ।

জুবেইদা কাদের চৌধুরী বলেন, স্বাধীনতার প্রতিটি অর্জনের পরই আধিপত্যবাদী শক্তি ও তাদের দেশীয় সহযোগীরা জাতীয় ঐক্য নষ্ট করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থানে অংশ নেয়া সরকারি দল, প্রধান বিরোধী দল ও অন্যান্য রাজনৈতিক শক্তি সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই পারস্পরিক অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যে জড়িয়ে পড়েছে। এ ধরনের বিভাজন পরাজিত শক্তির জন্য সুযোগ সৃষ্টি করতে পারে। জাতীয় ঐক্য বিনষ্ট হলে অতীতের মতো তারাই আবার সক্রিয় হয়ে উঠতে পারে। সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে দেশ, গণতন্ত্র ও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই পরাজিত শক্তিকে নতুন করে ষড়যন্ত্রের সুযোগ দেয়া যাবে না।

সমাবেশে বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক এস আই ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, আবদুল খালেক, খন্দকার জিয়াউদ্দিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।