নরসিংদী প্রতিনিধি
নরসিংদী-২ (পলাশ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেনের নির্বাচনী সভায় হামলা হয়েছে। এতে আমজাদ হোসেনসহ ৩০ জন আহত হয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে ইউনিয়ন জামায়াত আয়োজিত এ নির্বাচনী জনসভা চলাকালে পূর্বপরিকল্পিতভাবে বিএনপি নামধারী সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালায়। এতে তাঁতীদলের সভাপতি বখতিয়ার হোসেন বখতী, যুবদলের সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও যুবদলের প্রায় ৫০/৬০ জন দেশীয় ও আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে সভা পণ্ড হয়ে যায়। গুরুতর আহত জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেনসহ সাতজনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামায়াতের তিনজন কর্মী এখনো নিখোঁজ রয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে। পরে জামায়াত নেতাকর্মীদের প্রতিরোধে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে জেলা জামায়াতের পক্ষ থেকে গতকাল বুধবার রাতে নরসিংদীতে তাদের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হামলার ব্যাপারে বিস্তারিত বর্ণনা করা হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় জেলা জামায়াতের পক্ষ থেকে শহরে এক প্রতিবাদ মিছিল বের করা হয়।



