জর্দানে মার্কিন ঘাঁটিতে হামলায় চীনের স্যাটেলাইট ব্যবহারের দাবি ওয়াশিংটনের

Printed Edition

ওয়াল স্ট্রিট জার্নাল ও আনাদোলু এজেন্সি

জর্দানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিন সেনা নিহতের ঘটনায় চীনের তৈরি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কৃত্রিম উপগ্রহের দৃশ্য যুক্ত থাকার তথ্য সামনে এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দায়িত্বশীল সূত্রগুলোর বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ১৭ জুলাই মুওয়াফাক সালতি বিমানঘাঁটির আবাসন এলাকায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে ও পরে ওই অবস্থানের বিশদ তথ্য বেইজিংয়ের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। উক্ত হামলায় তিন সেনার মৃত্যু ছাড়াও মারাত্মক আহত হন চারজন।

প্রকাশিত তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্যে সঙ্ঘাত চলাকালে ইরানি বাহিনীকে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কারিগরি সুবিধা দেয়ার ফলে মার্কিন সেনাদের জন্য যে সরাসরি ঝুঁকি তৈরি হয়েছে, এটি তার অন্যতম প্রত্যক্ষ আলামত। অবশ্য বেইজিং সরাসরি এতে সম্পৃক্ত ছিল এমন কোনো চূড়ান্ত কিংবা দাফতরিক দায় চাপায়নি ওয়াশিংটন, এমনকি তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর নামও গোপন রাখা হয়েছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিষয়টি নিয়ে তাদের চীনা প্রতিপক্ষের মুখোমুখি হলে সমস্ত অভিযোগ নাকচ করে সুনির্দিষ্ট প্রমাণ দাবি করে বেইজিং।