নিজস্ব প্রতিবেদক
জ্বালানি সঙ্কটের জন্য সরকার দায়ী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের কারণে এই সঙ্কট হয়েছে। গতকাল রোববার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী আরো বলেন, এলএনজি ভর্তি কার্গো এরই মধ্যে এসে পৌঁছেছে। গ্যাসের সরবরাহ ও চাপও বেড়েছে। মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। তিনি বলেন, বর্তমানে চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়। যুদ্ধের কারণে এই সঙ্কট তৈরি হয়েছে। তা ছাড়া মহেশখালীতে এলএনজি টার্মিনালে ত্রুটি হয়েছিল। এরই মধ্যে সেটি ঠিক করা হয়েছে।
নতুন দায়িত্ব সম্পর্কে রিজভী বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন করে কমিটি করা হবে। নতুনরা এসব সংগঠনের নেতৃত্বে আসবেন। এই প্রক্রিয়া চলমান থাকবে।
রিজভী বলেন, নেতাকর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনের যেসব ত্রুটি-বিচ্যুতি থাকবে বা সৃষ্টি হবে, তা কীভাবে সমাধান ও মেরামত করা যায়, তা নিয়ে কাজ করব। সংগঠনকে শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি দূর করাই তাদের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে দলের চেয়ারম্যানের দিকনির্দেশনা অনুযায়ী তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তা সাংগঠনিকভাবে বাস্তবায়ন করা হবে।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার আহ্বায়ক, সদস্যসচিব, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



