নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। প্রতিনিধি দলে আরো ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিকসহ দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
আজ চট্টগ্রামে আসছেন জামায়াত আমির
চট্টগ্রাম ব্যুরো জানান, আজ শনিবার চট্টগ্রাম সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। তার সফর ঘিরে চট্টগ্রামজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন নয়া দিগন্তকে বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান শনিবার চট্টগ্রাম মহানগরীতে গুরুত্বপূর্ণ সফরে আসছেন। তার সফর ঘিরে পুরো নগরীর নেতাকর্মী ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
দিনের কর্মসূচি অনুযায়ী, আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান বেলা ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে হেলিকপ্টারে চকবাজারের ঐতিহাসিক প্যারেড ময়দানে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে তিনি নগরীর আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া (পূর্ব ফিরোজ শাহ কলোনি) বড় মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর তিনি সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর রাতেই তার চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে। দলটির আমিরের এই সফর চট্টগ্রামের সাংগঠনিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।



