ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অনিন্দ্য

Printed Edition

কক্সবাজার অফিস

ভয়াবহ বন্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার সদর উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি আমাদের সর্বোচ্চ দায়বদ্ধতা আছে। সে কারণেই সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্মকভাবে কাজ করবে। তিনি আরো জানান, বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে প্রথম দিকে অগ্রাধিকার দেয়া হলেও এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এর আগে প্রতিমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পিএমখালী চান্দের পাড়া এলাকা সরেজমিন পরিদর্শন করেন।