দাগনভূঞায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই

Printed Edition

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

ফেনীর দাগনভূঞায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শুক্রবার ভোরে দাগনভূঞা পৌর শহরের কামার গলির ১২টি দোকানের দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উক্ত আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে ফেনী হতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও কোম্পানিগঞ্জ নোয়াখালী থেকে দুইটিসহ পাঁচটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে বাজারের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি টাকা বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পাটোয়ারী এন্টারপ্রাইজের মোক্তার হোসেন রাজু জানান, ভয়াবহ আগুনে তার দোকানটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে প্রায় ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শাহাদাত হোসেন জানান, আমরা ভোরে খবর হয়ে ঘটনাস্থলে পৌঁছে যাই। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ঐকান্তিক চেষ্টার ফলে দীর্ঘ দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়িক নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেছি। অগ্নিকাণ্ডের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী দাগনভূঞা ক্যাম্প, দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা কাজ করছেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সহযোগিতা করা হবে।