বিনোদন ডেস্ক
বাংলাদেশে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় আলোচিত সঙ্গীতশিল্পী শেখ সাদী প্রথমবার কোনো নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘শহরে নতুন অতিথি’। রশিদুর রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গুণী নাট্যনির্মাতা গৌতম কৈরী। গত পয়লা বৈশাখের দিন নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। যদিও নাটকটি আরো কয়েক দিন আগেই ইউটিউবে প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু কিছু টেকনিক্যাল কারণে নির্ধারিত সময়ে নাটকটি প্রকাশ পায়নি। নাটকটি প্রকাশের পর বেশ আগ্রহ নিয়ে বিশেষত শেখ সাদী ভক্তরা নাটকটি উপভোগ করছেন। নাটকটিতে শেখ সাদীর বিপরীতে আছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। যেহেতু গায়ক শেখ সাদীর এটি প্রথম নাটক, তাই তার অভিনয় দেখার আগ্রহও রয়েছে অনেকের। এরই মধ্যে সাদীর অভিনীত এই নাটকটি উপভোগ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কোনাল। কোনাল নাটকটি দেখে শেখ সাদীকে নিয়ে একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার জানামতে শেখ সাদীকে অনেকেই অভিনয়ের প্রস্তাব দিলেও, এবারই প্রথম সে নাটককে হ্যাঁ বলেছে। তার অভিনীত প্রথম নাটকটি আমি ভীষণ উপভোগ করলাম। গানের মতোই এই জায়গাটাও সাদীর হয়ে যাক এমনটাই শুভ কামনা।’ নাটকটি প্রকাশের পর কাছের মানুষদের কাছ থেকেও বেশ ভালো সাড়া পাচ্ছেন শেখ সাদী। সাদী বলেন, ‘যেহেতু এটি আমার প্রথম নাটক, তাই অভিনয়ের সময়টিতে একটু নার্ভাস ছিলাম। তবে যখন কাজটি শুরু করি তখন আমার সহশিল্পী মাহি এবং আমার পরিচালক এত সহযোগিতা করছিলেন যে, তখন আমার মনে হলো- না আমি ঠিকঠাক মতো অভিনয়টা করতে পারব। সত্যি বলতে কী, অনেক দিন ধরেই অভিনয় করব করব বলে শেষ পর্যন্ত এই গল্পে অভিনয় করা হলো, সেদিক নিয়ে ভীষণ ভালোলাগা কাজ করছে নিজের মাঝে। নাটকটি আরো কয়েক দিন আগেই ইউটিউবে প্রকাশের কথা ছিল। কিন্তু একটু টেকনিক্যাল কারণে পিছিয়ে নিয়ে পয়লা বৈশাখের দিন নাটকটি প্রকাশ পেল। নাটকটি প্রকাশের পর অনেকের কাছ থেকেই আমি ভীষণ পজিটিভি সাড়া পেয়েছি। অনেকেই আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন এবং অভিনয়ে নিয়মিত হতেও বলছেন। আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা যারা আমার অভিনীত নাটকটি সময় নিয়ে দেখছেন এবং আমাকে আপনাদের অভিমত জানাচ্ছেন। আমি সত্যিই ভীষণ পুলকিত। যদি আরো সুন্দর গল্প পাই, নিজের মনের মতো চরিত্র হয় তবে আবারো অভিনয়ে দেখা যাবে।’ উল্লেখ্য, শেখ সাদীর সবচেয়ে আলোচিত শ্রোতাপ্রিয় ‘ললনা’ গানটি এখন পর্যন্ত ১৬ কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।



