শেরপুর প্রতিনিধি
শেরপুরে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় এক আসামিকে যাবজ্জীবন ও তিন আসামিকে ১৪ বছর করে দণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শেরপুরের বিজ্ঞ বিচারক মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ। প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন তিনি। গতকাল দুপুরে তিনি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন যথাক্রমে নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মনির হোসেন (৩৩), নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগর গ্রামের ওসমানের ছেলে আলামীন ওরফে মোখলেছ (৩২), একই গ্রামের আইন উদ্দিন শেখের ছেলে জমির উদ্দিন (৬৫) ও জমির উদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম ওরফে মহসীন (৩২)।
আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ ডিসেম্বর নালিতাবাড়ী উপজেলার ছিটপাড়া সরকার বাড়ির ব্যাংক কর্মকর্তা মো: আব্দুল হান্নানের বসতবাড়ির পূর্ব পার্শ্বের রাস্তা থেকে (আব্দুল হান্নান) বছরের সন্তান হাদী হাসানকে আসামিরা অপহরণ করে নিয়ে যায় এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় মো: আব্দুল হান্নান বাদি হয়ে ওইদিন নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার দু’দিন পর অপহৃত শিশু হাদী হাসানকে পুলিশ উদ্ধার করে। নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো: আরিফ হোসাইন মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ২০১৬ সালের ২৬ এপ্রিল এ ঘটনায় ছয়জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন। নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগর গ্রামের নুরুল হকের ছেলে মনিরুল ইসলাম লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে এ মামলা থেকে খালাস দেয়া হয়। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আশরাফুন্নাহার রুবী।



