চৌগাছায় ফের ৫ দোকানে চুরি

Printed Edition

চৌগাছা (যশোর) সংবাদদাতা

যশোরের চৌগাছা বাজারে ফের চুরির ঘটনা ঘটেছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে এবার সিটি প্লাজা সুপার মার্কেটের পাঁচ দোকানের শার্টার ভেঙে নগদ টাকা ও মালামাল লুট করেছে চোরেরা। গতকাল বুধবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে এই চুরি সংঘটিত হয়।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, নাইটগার্ড ডিউটি শেষ করে সকালে বাসায় ফেরার পরই চোরচক্র মার্কেটে প্রবেশ করে। প্রথমে খাইরুল আলমের ‘নুরজাহান বার্মিজ হাউজ’-এ ঢুকে ক্যাশ ভেঙে ৩৪ হাজার টাকা নিয়ে যায়। এরপর সোহান রহমানের ‘টপসপ স্টোর’ থেকে ২১ হাজার টাকা ও পণ্য, কবির হোসেনের ‘সুপার লিবার্টি হাউজ’ থেকে ২৫ হাজার টাকা ও মালামাল লুট করে। একইভাবে শ্রী রাবন পালের দোকান থেকে ১২ হাজার টাকা, আর মার্কেটের দ্বিতীয় তলায় নাসরিন খাতুনের ‘সুন্দরী বিউটি পার্লার’ থেকে ৩৭৫ টাকা ও বিভিন্ন সামগ্রী নিয়ে যায়।

টপসপ স্টোরের মালিক সোহান রহমান বলেন, ‘রাত ৯টার দিকে দোকান বন্ধ করি। সকালে মোবাইলে জানতে পারি দোকানে চুরি হয়েছে।’

এর আগে ১৯ নভেম্বর কাপুড়িয়া পট্টিতে চার দোকান, মহেশপুর বাসস্ট্যান্ড এলাকায় দু’টি মুদি দোকানে চুরি হয়।