ভার্চুয়াল শুনানি

চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ ও তামান্না আরেক খুনের মামলায় শ্যোন অ্যারেস্ট

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন তামান্নাকে আরো একটি খুনের মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নগরীর বাকলিয়া এলাকার একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র নিজাম উদ্দিন গত বছরের ৫ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন। এ ঘটনায় তার বাবা সাহাব উদ্দিন মামলা করেছেন। সেই মামলার তদন্তে পুলিশ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী জড়িত থাকার তথ্য পেয়েছেন। পরে তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন। তিনি আরো জানান, সাজ্জাদ রাজশাহী কারাগারে আর তামান্না রয়েছেন ফেনী কারাগারে। তাদের চট্টগ্রাম আদালতে নিরাপত্তার কারণে হাজির করা হয়নি। ভার্চ্যুয়ালি শুনানি শেষে আদালত খুনের মামলায় দু’জনকে গ্রেফতার দেখান।

আদালত সূত্র জানায়, সাজ্জাদ ও তার স্ত্রীর খুনের সাত মামলায় জামিন পান গত বছরের সেপ্টেম্বরে। গত সপ্তাহে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জামিননামা আসার পর বিষয়টি জানাজানি হয়। এরপর রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের জন্য আবেদন করেন। জামিন হওয়া সাতটি খুনের মামলার মধ্যে চারটি নগরের চান্দগাঁও থানায় ও তিনটি পাঁচলাইশ থানায় হয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে খুনের অভিযোগ ও বিস্ফোরক আইনে এসব মামলা করা হয়। পরে উচ্চ আদালত ওই সাতটি মামলায় জামিন স্থগিত করেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯ মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক হত্যাসহ আটটি মামলা রয়েছে।