ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে সরকারি খালের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। একাধিকবার নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয়া হলেও তা উপো করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে ােভ দেখা দিয়েছে।
উপজেলা সদরের কাঁচাবাজার-সংলগ্ন সেতুর উত্তর পাশে মঠবাড়ি ইউনিয়নের মৃত মুজাফফর হাওলাদারের ছেলে আবুল কালাম আজাদের নির্মাণাধীন ভবন ঘিরে এ অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজ চলাকালে প্রশাসনের পরিমাপে ভবনের দণি পাশের একটি অংশ সরকারি জায়গায় পড়েছে বলে শনাক্ত হয়। পরে ওই অংশের বেলকনি কেটে দেয়া এবং সরকারি জায়গা ছেড়ে দিয়ে ছাদ ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। তবে এরপরও সরকারি খালের জায়গায় বেলকনি সম্প্রসারণ, মেঝে ঢালাই, সেতুর সাথে সিঁড়ি নির্মাণ ও বেড়া দেয়ার অভিযোগ ওঠে। স্থানীয়দের আরো দাবি, সম্প্রতি কেটে দেয়া বেলকনির রড রাতের আঁধারে ওয়েল্ডিং করে জোড়া লাগিয়ে পুনরায় ঢালাই করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত। অভিযোগ অস্বীকার করে আবুল কালাম আজাদ বলেন, তিনি যতটুকু জমি কিনেছেন, তার চেয়েও কম জায়গা ভোগদখলে রেখেছেন। চলাচলের জন্য সরকারি জায়গায় ইট বিছানো এবং ওঠানামার জন্য সিঁড়ি নির্মাণ করা হয়েছে। রাজাপুরের সহকারী কমিশনার (ভূমি) শামীম রেজা সজিব বলেন, শিগগির সরকারি সার্ভেয়ার দিয়ে জায়গাটি পরিমাপ করা হবে। সরকারি খালের জমির মধ্যে ভবন বা স্থাপনা পড়ার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



