আইআইইউসিতে সিরাতুন্নবী সা: আলোচনা অনুষ্ঠানে মোশতাক ফয়েজী

মহানবী সা:-এর জীবনাদর্শেই পশুবৃত্তি দমন হয়েছে

Printed Edition

কুমিল্লার নাগাইশ দরবার শরিফের পীর সাহেব আলোচিত ইসলামিক স্কলার অধ্যক্ষ মোশতাক ফয়েজী বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ সা: কুরআনের আলোকে নিজেকে গড়ে তুলেছিলেন। তাঁর জীবনাদর্শের মাধ্যমেই মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটেছে এবং পশুবৃত্তি দমন হয়েছে। কুরআনুল কারিম ছিল সেই মহান আদর্শের মূল ভিত্তি। তিনি এমন একটি সুন্দর পৃথিবী গড়ে তুলেছিলেন, যেখানে মানুষের মনুষ্যত্ব বিকশিত হয়েছিল।

গতকাল বুধবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে সিরাতুন্নবী সা: ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি বলেন, কুরআনকে শুধু বুকে জড়িয়ে ধরে রাখলে হবে না, কুরআনকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। কুরআনকে বুঝতে হলে মহানবী সা:-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানতে হবে এবং তা নিজেদের জীবনে অনুসরণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এ ছাড়া বক্তব্য রাখেন- ফ্যাকাল্টি অব শরিয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজের ডিন প্রফেসর ড. মো: রশীদ জাহেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ এবং বিভাগের অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলা। বিজ্ঞপ্তি।