ক্রীড়া ডেস্ক
৪৮ দল নিয়ে হবে এবার বিশ্বকাপ ফুটবল। মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত করেছিল ৪২টি দেশ। বাকি থাকা ছয়টি দলও গত পরশু নিশ্চিত হয়ে গেল। দুই যুগ পর ক্রীড়াঙ্গনের জনপ্রিয় আসরে টিকিট কাটল তুরস্ক। ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে মধ্য এশিয়ার দেশ ইরাক। আফ্রিকার দেশ ডি আর কঙ্গো ৫২ বছর পর বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট কেটেছে। আর ইউরোপ অঞ্চল থেকে ২০ বছর পর বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র। রবার্ট লেভানোদোভস্কির পোল্যান্ডকে হারিয়ে আসন্ন মেগা আসরে জায়গা করে নিয়েছে সুইডেন।
২৪ বছর পর তুরস্ক
ইউরোপ অঞ্চলের প্লে-অফ ফাইনালে স্বাগতিক কসোভোকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বের টিকিট কেটেছে তুরস্ক। ম্যাচের ৫৩ মিনিটে কেরেম আকতারকোগ্লুর গোলে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত এই গোলেই এসেছে জয়। সর্বশেষ ২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল তুরস্ক। অবশ্য ম্যাচে প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কসোভো। কিন্তু সেটিকে কাজে লাগাতে পারেনি দলটি। ২০১৬ সালে ফিফা ও উয়েফার সদস্যপদ পাওয়া দেশটির প্রথমার্ধে একটি শট ফিরে আসে তুরস্কের পোস্টে লেগে। এতে বিশ্বকাপ অভিষেকের অপেক্ষা আরো বাড়ল কসোভোর। ২০২৬ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে।
৫২ বছরের অপেক্ষার অবসান ডিআর কঙ্গো
আক্রমণে আধিপত্য করেও নির্ধারিত সময়ে সাফল্য পেল না ডিআর কঙ্গো। অনেক চেষ্টার পর অতিরিক্ত সময়ে জালের দেখা পেল তারা। জ্যামাইকাকে হারিয়ে পাঁচ দশকেরও বেশি সময় পর বিশ্বকাপের মূল মঞ্চে ফিরল মধ্য আফ্রিকার দেশটি। মেক্সিকোর গুয়াদালাহারায় শেষ হওয়া আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে ১-০ গোলে জিতেছে ডিআর কঙ্গো। ম্যাচের অতিরিক্ত সময়ে ১০০ মিনিটে গোলটি করেন বার্নলির ডিফেন্ডার এক্সেল টোয়ানজেবি। তার কাঁধে চড়েই এবার বিশ্বকাপে ফিরল দেশটি। বিশ্বকাপ মঞ্চে প্রথমবার ১৯৭৪ সালে খেলেছিল ডিআর কঙ্গো। গ্রুপ ‘কে’তে পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়ার সাথে রয়েছে ডিআর কঙ্গো।
৪০ বছর পর বিশ্বকাপে ইরাক
বিশ্বকাপ বাছাইয়ের দীর্ঘ অপেক্ষাটা ছিল ইরাক ও বলিভিয়ার ম্যাচকে ঘিরে। এরই মধ্যে ৪৮ দলের বিশ্বকাপে ৪৭টি নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল একটি জায়গা। আন্তমহাদেশীয় প্লে-অফে সেই লড়াইয়ে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে এবারের বিশ্বকাপে জায়গা পেল ইরাক।
১৯৮৬ আসরে মেক্সিকোয় একবারই খেলেছিল ইরাক। এবার সেই মেক্সিকোতেই বাছাইয়ের শেষ ধাপ জিতে ৪০ বছর পর বিশ্বমঞ্চে ফিরছে ‘লায়ন্স অব মেসোপটেমিয়া’ নামে খ্যাত মধ্য এশিয়ার দেশটি। রেফারির শেষ বাঁশি বাজাতেই বাঁধনহারা আনন্দে আত্মহারা হয়ে পড়েন ইরাকের ফুটবলাররা। কেউ কেউ যেন বিশ্বাস করতে পারছিলেন না, কেউ সিজদায় কৃতজ্ঞতা জানালেন স্রষ্টাকে। স্বপ্নের ঠিকানা খুঁজে পেয়ে এভাবেই আনন্দে আত্মহারা হলেন ইরাক দলের সদস্যরা। ১১ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ‘আই’ গ্রুপে তাদের সাথে রয়েছে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল।
লেভানোদোভস্কিদের কাঁদিয়ে বিশ্বকাপে সুইডেন
স্টকহোমের স্ট্রবেরি অ্যারেনায় ইউরোপ অঞ্চলের প্লে-অফ ফাইনালে সুইডেনের বিপক্ষে লড়াই করল পোল্যান্ড। দুইবার পিছিয়ে পড়ার পরও সমতায় ফিরল পোলিশরা। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে ভিক্টর ইয়োরকায়েসের গোলে আবার এগিয়ে যায় স্বাগতিক দল। শেষ পর্যন্ত এই গোলই পার্থক্য গড়ে দেয়। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে ২০২৬ বিশ্বকাপের মূল আসরে যেতে পারল না পোল্যান্ড। ২০২৬ বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়াকে পেল সুইডেন।
ডেনমার্ককে টাইব্রেকারে বিদায় করল চেক প্রজাতন্ত্র
ডেনমার্কের বিপক্ষে প্রাগে প্লে-অফ ফাইনালে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র করে স্বাগতিক চেক প্রজাতন্ত্র। অতিরিক্ত সময়ে দুই দলই একটি করে গোল করে। তাতে মীমাংসা না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ডেনমার্ককে ৩-১ গোলে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে চেক প্রজাতন্ত্র। সর্বশেষ ২০০৬ বিশ্বকাপে খেলেছে তারা। ‘এ’ গ্রুপে মূল পর্বে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার সঙ্গী হলো চেকিয়ারা।



