সিলেটে মৃত ১৮ শ্রমিক পরিবারের পাশে জেলা ট্রাকশ্রমিক ইউনিয়ন

Printed Edition

সিলেট ব্যুরো

একজন পরিবহন শ্রমিকের মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়, এর সাথে একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎও থমকে যায় বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো: মাসুদ রানা। তিনি বলেন, পরিবহন শ্রমিকরা রাষ্ট্র ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের পরিবারের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও অংশ। সমৃদ্ধ দেশ, জাতি ও মানবিক সমাজ গড়তে রাষ্ট্র, প্রশাসন, মালিক-শ্রমিকসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

গতকাল নগরীর দক্ষিণ সুরমার প্যারাইরচক ট্রাক টার্মিনালে সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী ১৮ পরিবহন শ্রমিক পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো: রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন এসএমপির ট্রাফিক বিভাগের টিআই হাবিবুর রহমান, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন ও সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক।

সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়নের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, সহসভাপতি শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাছুম আহমদ, দফতর সম্পাদক বিলাহ উদ্দিন, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, কার্যকরী সদস্য কামাল হোসেন, আব্দুল জলিল, আব্দুল করিম, ইলিয়াস আহমদ, আলেখ আহমদ সুহেল, প্রবীণ শ্রমিক নেতা মহসিন মিয়া, ইউসুফ ও মন্তাজ মিয়াসহ বিভিন্ন উপ-কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে সংগঠনের আওতাধীন বিভিন্ন উপ-কমিটির মৃত্যুবরণকারী ১৮ শ্রমিক পরিবারের প্রত্যেককে নগদ ৪০ হাজার টাকা করে মোট সাত লাখ ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হয়।