সাভার (ঢাকা) সংবাদদাতা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, শিল্পখাত এবং সরকারের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে আরো জোরদার করবে এবং এমন একটি পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে তুলবে যা উদ্ভাবনকে ত্বরান্বিত করার পাশাপাশি দেশের এআই-নির্ভর ভবিষ্যতের পথে অর্থপূর্ণ অবদান রাখবে।
শুক্রবার সাভারের খাগানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাটির ক্যাম্পাসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ল্যাব এবং এআই প্রজেক্ট কম্পিটিশনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, এআই শুধু একটি প্রযুক্তি নয়; এটি ভবিষ্যৎ অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং গবেষণা-উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এআই গবেষণা ল্যাব গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের এআই প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে তুলবে, গবেষণা পরিচালনা, উদ্ভাবনী প্রোটোটাইপ তৈরি এবং শিল্প-উপযোগী সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা, প্রশাসন থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। তাই নতুন বাংলাদেশ গড়তে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই।
তিনি আশা প্রকাশ করেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এআই গবেষণা ল্যাব দেশের শিক্ষা, শিল্প ও সরকারের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদার করবে এবং একটি শক্তিশালী উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয় ট্রাস্টিবার্ডের চেয়ারম্যান ড. মো: সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. এম আর কবীর, প্রো-ভিসি প্রফেসর ড. মো: মাসুম ইকবাল ও সিআইএস বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: সারওয়ার হোসেন মোল্লাহ।



