নয়া দিগন্ত ডেস্ক
গাজায় হামাসের বিকল্প হিসেবে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়ার ইসরাইলের প্রচেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম। খবর মিডলিস্ট মনিটর ও টাইমস অব ইসরাইলের।
হিব্রু ভাষার সংবাদমাধ্যম জমান ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ৯৯ শতাংশের বেশি মানুষ এখনো হামাসের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীন রয়েছে। নেতানিয়াহুর সরকার যেসব স্থানীয় সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়েছে, তারা হামাসের জন্য কোনো কার্যকর চ্যালেঞ্জ তৈরি করতে পারেনি। খবরে বলা হয়, এসব গোষ্ঠীর লক্ষ্য ও কার্যক্রম স্পষ্ট নয় এবং তাদের বাস্তব প্রভাব প্রায় শূন্য। বরং তাদের কর্মকাণ্ড ইসরাইলের স্বার্থের ক্ষতি করেছে এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনের সম্ভাবনা দুর্বল করেছে। গাজার বিভিন্ন এলাকার বাসিন্দাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ মানুষ এসব গোষ্ঠীকে নিজেদের প্রতিনিধি মনে করেন না। তাদের অনেকেই ইসরাইল-সমর্থিত একটি প্রকল্প হিসেবে দেখেন।



