সংস্কৃতি এবং সিনেমার মেলবন্ধন ঘটাতে প্রস্তুত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা সম্প্রতি তাদের পঞ্চম আসরের আরব স্পেকট্যাকুলার ও ইন্টারন্যাশনাল স্পেকট্যাকুলার বিভাগগুলোর নির্বাচিত চলচ্চিত্রের তালিকা উন্মোচন করেছে। আগামী ৪ থেকে ১৩ ডিসেম্বর জেদ্দার ঐতিহাসিক আল-বালাদকে কেন্দ্র করে ১০ দিনব্যাপী এই আয়োজনে সৌদি আরব, মিসর, ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে নামকরা পরিচালক এবং তারকাদের শ্রেষ্ঠ কাজগুলো প্রদর্শিত হবে।
স্পেকট্যাকুলার বিভাগে আঞ্চলিক গল্প
আরব স্পেকট্যাকুলার বিভাগটি আরব অঞ্চলের সৃজনশীলতা এবং আবেগকে উদযাপন করে। এই বিভাগটি বাণিজ্যিক সফলতা এবং স্বাধীন কণ্ঠস্বরের মধ্যে ভারসাম্য রেখে তৈরি করা হয়েছে, যেখানে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলো প্রথমবারের মতো প্রদর্শিত হতে চলেছে। এবারের আয়োজনে মধ্যপ্রাচ্যের শক্তিশালী চলচ্চিত্রগুলি স্থান পেয়েছে-
প্যালেস্টাইন থার্টি সিক্স : অ্যানমেরি জেসির পরিচালিত, এটি ম্যান্ডেট ফিলিস্তিনে বিদ্রোহ নথিভুক্ত করা এক চিত্রগ্রাহকের জীবনকে তুলে ধরে।
আনআইডেন্টিফায়েড : হাইফা আল মনসুরের নারীকেন্দ্রিক গোয়েন্দা রোমাঞ্চকর চলচ্চিত্র, যা নারীর বিরুদ্ধে সহিংসতার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। অ্যা ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ : জেদ্দার প্রেক্ষাপটে স্থাপিত এক অদ্ভুত প্রেমের গল্প।
ওয়েডিং রিহার্সাল : আমীরা দিয়াব পরিচালিত বহুল প্রতীক্ষিত মিসরীয় চলচ্চিত্র, যা দু’টি ভিন্ন সামাজিক শ্রেণীর পরিবারের মধ্যে বিয়ের প্রস্তুতির সময়কার দ্বন্দ্বকে তুলে ধরে।
দ্য ফেকন্যাপিং : আমিন লাখনেচ পরিচালিত, এক যুবক তার কৃপণ বাবার কাছ থেকে টাকা আদায়ের জন্য একটি সাহসী পরিকল্পনা করে। এটি একটি নেটফ্লিক্স মুক্তি। আরব প্রোগ্রাম এবং চলচ্চিত্র ক্লাসিকের পরিচালক অ্যান্টোইন খলিফা এই নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘এই নির্মাতারা ব্যক্তিগত আখ্যানের মাধ্যমে মানবজাতির রসবোধ, সংগ্রাম এবং জটিলতার সর্বজনীন আবেদন তুলে ধরেন। আরব বিশ্বের এই অবিশ্বাস্য প্রতিভা পুলকে আমরা গুরুত্ব দিচ্ছি।’
বিশ্ব চলচ্চিত্রের সেরা সংগ্রহ
ইন্টারন্যাশনাল স্পেকট্যাকুলার বিভাগটি বিশ্বের খ্যাতিমান পরিচালক এবং আন্তর্জাতিক চলচ্চিত্রের আইকনদের কাজ নিয়ে তৈরি করা হয়েছে। বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রগুলো এই বিভাগে আরব বিশ্বে প্রথম প্রদর্শিত হবে।
এবারের প্রধান আন্তর্জাতিক আকর্ষণগুলো হলো-
কউচুর : অ্যালিস উইনোকর পরিচালিত এই ফরাসি-মার্কিন চলচ্চিত্রে অ্যাঞ্জেলিনা জোলি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। যেখানে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলি প্যারিস ফ্যাশন উইকের ব্যস্ততার মাঝেও জীবনের এক গভীর সঙ্কটের মুখোমুখি হন। নারী জীবনের শক্তি ও সংবেদনশীলতার মিশেলে এটি এক অনন্য কাহিনী।
ডেজার্ট ওয়ারিয়র : রুপার্ট ওয়াটের পরিচালনায় সপ্তম শতাব্দীর আরবে স্থাপিত এই জমকালো ঐতিহাসিক সিনেমাটিতে স্যার বেন কিংসলে এবং অ্যান্থনি ম্যাকির মতো অভিনেতারা আছেন। সাহসী রাজকন্যা হিন্দের নেতৃত্বে উপজাতিদের ঐক্য গড়ে ওঠে বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে।
ফারুকুইতো আ ফ্লেমেঙ্কো ডাইন্যাস্টি : সান্টি আগুয়াডো ও রুবেন অ্যাটলাস পরিচালিত এই ডকুমেন্টারিটি সেরা ফ্লেমেঙ্কো নৃত্যশিল্পী ফারুকুইতো এবং তার পরিবারের ইতিহাসকে কেন্দ্র করে নির্মিত। যেখানে তুলে ধরা হয়েছে কিংবদন্তি নৃত্যশিল্পী ফারুকিতোর জীবন, খ্যাতি, দুর্ঘটনা ও মুক্তির গল্প, ফ্লামেনকো পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকার নিয়ে।
স্কারলেট : মামোরু হোসোদার পরিচালিত সময়-ভ্রমণের এই অ্যানিমেটেড মহাকাব্যটি শেক্সপিয়ারের হ্যামলেট দ্বারা অনুপ্রাণিত। যেখানে মধ্যযুগীয় রাজকন্যা স্কারলেট প্রতিশোধ, প্রেম ও মানবতার দ্বন্দ্বে পথ খোঁজে। এটি হাতে আঁকা শিল্পকলা ও আধুনিক সিজিআই-র দুর্দান্ত মিশ্রণ।
দ্য উইজার্ড অফ দ্য ক্রেমলিন : অলিভিয়ের আসায়েসের পরিচালিত এই রাজনৈতিক থ্রিলার/কমেডিটিতে ভøাদিমির পুতিনের চরিত্রে জুড ল অভিনয় করেছেন এবং পল ডানো কেন্দ্রীয় ভূমিকায় আছেন। আন্তর্জাতিক প্রোগ্রামের পরিচালক ফিওননুয়ালা হ্যালিগান মন্তব্য করেন, ‘আমাদের আন্তর্জাতিক অসাধারণ বিভাগটি সিনেমাটিক উৎকর্ষ এবং সাংস্কৃতিক বিনিময়ের প্রতি উৎসবের গভীর অঙ্গীকারের প্রতীক। প্রতিটি চলচ্চিত্রই একটি ভিন্ন সংস্কৃতি এবং জগতের প্রতি আলোকপাত করে।’ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুধু চলচ্চিত্র প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি অঞ্চলের বৃহত্তম সিনেমা এবং সংস্কৃতির মিলনমেলা। এই উৎসবে চলচ্চিত্রপ্রেমী, শিল্প বিশেষজ্ঞ এবং বৈশ্বিক দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আসবে।



