সিলেটে অনলাইন জুয়াড়ি চক্রের ৯ সদস্য আটক

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেট নগরের কোতোয়ালি থানাধীন কাজিরবাজারের মোগলটুলা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন ও ছয়টি টালি খাতা জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই আটকের বিষয়টি নিশ্চিত করে।

আটককৃতরা হলেন- সিলেটের কোতোয়ালি থানার মোগলটুলা এলাকার জীবন আহমদ (৩২), সুমন মিয়া (২৭), মো: সানি (২২) ও ইমন খাঁন বাদল (২২); সুনামগঞ্জের তাহিরপুর থানার মো: জুয়েল আহমদ ছানাউল্লাহ (৩০), জামালগঞ্জ থানার মো: আজিজুর রহমান (৪৪) ও সুনামগঞ্জ সদর থানার মো: নমিরুল ইসলাম (৪২); সিলেটের দক্ষিণ সুরমা থানার মধু দেবনাথ (৫৫) এবং ময়মনসিংহের হালুয়াঘাট থানার মো: মমিনুল (৪৫)।

র‌্যাব-৯ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের একটি আভিযানিক দল কোতোয়ালি থানাধীন সার্কিট হাউজের সামনে অবস্থান করছিল। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে খবর আসে, কাজিরবাজার মোগলটুলা এলাকায় কিছু ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। এই সংবাদের ভিত্তিতে ৪টা ২০ মিনিটে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে ৯ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন অনলাইন অ্যাপসের মাধ্যমে ‘১০ টাকায় ৮০০ টাকা’ পাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে এই খেলায় প্রলুব্ধ করত। জুয়ায় লোকজনকে যুক্ত করিয়ে তারা নিজেরা মোটা অঙ্কের কমিশন লাভ করত। উদ্ধারকৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়া খেলার ডিজিটাল আলামত পাওয়া গেছে।

র‌্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।