ঢাকা-৭ সংসদীয় আসন লালবাগ (ডিএসসিসি ওয়ার্ড ২৩-৩১), কোতয়ালি (ডিএসসিসি ওয়ার্ড ৩২, ৩৩, ৩৫, ৩৬) নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার ৪,৭৯,৩৭৬জন। পুরুষ ভোটার ২,৪৮,৪৮১জন, নারী ভোটার ২,৩০,৮৮৩ জন ও তৃতীয় লিঙ্গের ১২জন। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই আসনে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের বিভিন্ন বিষয় নিয়ে নয়া দিগন্তের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী হামিদুর রহমান হামিদ।
নয়া দিগন্ত : আপনার এলাকার প্রধান সমস্যাগুলো কী?
হামিদুর রহমান হামিদ : আমার এলাকার প্রধান সমস্যা হচ্ছে গ্যাস, বর্জ্য ব্যবস্থাপনা ও যানজট। বিশেষ করে গ্যাসের সমস্যার কারণে আমার এলাকার মা-বোনদের অনেক কষ্ট করতে হয়। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের চেষ্টা করব।
নয়া দিগন্ত : এই এলাকার যানজট নিরসনে আপনি কী কী উদ্যোগ গ্রহণ করবেন?
হামিদুর রহমান হামিদ : এই এলাকায় অতীতে যানজট নিরসনের জন্য কেউ কার্যকরী পরিকল্পনা গ্রহণ করেননি। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে যানজট নিরসনে কাজ করবো।
নয়া দিগন্ত : আপনার নির্বাচনী আসন একটি ব্যবসায়িক এলাকা। এখানে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদাবাজিসহ নানা অভিযোগ উঠে এসেছে। এই সমস্যা সমাধানে কী কী উদ্যোগ গ্রহণ করবেন?
হামিদুর রহমান হামিদ : আমি ব্যবসাবান্ধব মানুষ। অনেক ব্যবসায়িক সংগঠনের সাথে কাজ করেছি। আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের জন্য ব্যবসার পরিবেশ তৈরি করে দেয়া হবে। আর আমার এলাকায় চাঁদাবাজদের কোনো স্থান হবে না।
নয়া দিগন্ত : এলাকায় মাদক নিয়ন্ত্রণে কী কী উদ্যোগ গ্রহণ করবেন?
হামিদুর রহমান হামিদ : মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
নয়া দিগন্ত : এলাকার যুবকদের জন্য আপনার কী ম্যাসেজ থাকবে?
হামিদুর রহমান হামিদ : যুবকদের প্রতি আহ্বান জানাবো ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার হিসেবে তারা যেনো কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত হয়। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করে।
নয়া দিগন্ত : আপনার এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য কী কী উদ্যোগ গ্রহণ করবেন?
হামিদুর রহমান হামিদ : আমাদের দলীয় প্রধান কেন্দ্রীয়ভাবে একটি পরিকল্পনা নিয়েছেন। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাব।
নয়া দিগন্ত : কেমন নির্বাচন প্রত্যাশা করছেন?
হামিদুর রহমান হামিদ : একটি অবাধ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। জনগণ দীর্ঘ সময় ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা প্রত্যাশা করি এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের হারানো সেই অধিকার ফিরে পাবে।
নয়া দিগন্ত : জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী?
হামিদুর রহমান হামিদ : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর আস্থা রেখে দলীয় মনোনয়ন দিয়েছেন। এ এলাকার মানুষ আমার সাথে আছেন, বিএনপির সাথে আছেন। ইনশাআল্লাহ আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।



