নির্ধারিত সময়ের আগেই শেষ আমন চাল সংগ্রহ অভিযান

Printed Edition

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি উপজেলায় বিগত অর্ধ যুগ পর এবার নির্ধারিত সময়ের দেড় মাসেরও বেশি সময় আগেই শেষ হয়েছে আমন চাল সংগ্রহ অভিযান। এই দীর্ঘ সময় পর লাভের মুখ দেখেছে সরকারের সাথে চুক্তিবদ্ধ মিলাররা। ফলে তারা মূল বরাদ্দের পর অতিরিক্তি দু’বার করে বরাদ্দ নিয়ে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ শেষ করেছেন।

জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৩ অটোমেটিক চালকলসহ মোট ৯৬ চালকলের অনুকূলে আট হাজার ৪৮ মেট্টিক টন চাল বরাদ্দ করে খাদ্য অধিদফতর। সদ্য বিগত ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে এক মাসেরও কম সময়ে সে বরাদ্দের চাল পরিশোধ করে মিলাররা।

পরে কেউ এক দফা, দুই দফা অতিরিক্ত বরাদ্দ নিয়ে চলতি ২০২৬ সালের ১০ জানুয়ারি চাল পরিশোধের কার্যক্রম শেষ করেছে। অতিরিক্ত বরাদ্দ করা চালের পরিমাণ চার হাজার ৮৩ মেট্রিকটন ৮২০ কেজি। মোট সংগ্রহের পরিমাণ ১২ হাজার ১৩১ মেট্রিক টন ১২০ কেজি। চুক্তি মোতাবেক বরাদ্দ করা চাল পরিশোধের শেষ সময় ছিল আগামী ২৮ ফেব্রুয়ারি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার খন্দকার।