ইশরাককে মেয়র ঘোষণা চ্যালেঞ্জের রিটের লিভ টু আপিল নিষ্পত্তি

আপিল রায় পেলেই সিদ্ধান্ত সিইসির

বাসস
Printed Edition
নগর ভবনের সামনে গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইশরাক হোসেন : নয়া দিগন্ত
নগর ভবনের সামনে গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইশরাক হোসেন : নয়া দিগন্ত

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ বেঞ্চ গতকাল এই আদেশ দেন। এর আগে রিট আবেদনকারী ও ইশরাক হোসেনের পক্ষে বক্তব্য শুনেন সর্বোচ্চ আদালত।

এই লিভ টু আপিল নিষ্পত্তির আদেশের ফলে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার গেজেট স্থগিত হয়নি বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তবে গতকালের আদেশের পর রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গেজেটের কার্যকারিতা আর নেই। অন্যদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী ড. মো: ইয়াসিন খান বলেন, সুপ্রিম কোর্ট আজ স্মরণ করিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন তার কাজ করার ক্ষেত্রে সাংবিধানিকভাবে স্বাধীন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো: মামুনুর রশিদের করা রিটটি ‘নট মেইনটেইনঅ্যাবল’ বলে গতকাল বৃহস্পতিবার পর্যবেক্ষণসহ খারিজ করে দেন বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

সে আদেশের বিরুদ্ধে সোমবার আপিল বিভাগে লিভ টু আপিল করেন রিটকারী। লিভ টু আপিলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। সে নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে গত ২৭ মার্চ মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো: নুরুল ইসলাম।

এরপর গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে এখনো শপথ পড়ানো হয়নি।

আপিল বিভাগের রায় হাতে পেলেই আমাদের সিদ্ধান্ত সিইসি

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আপিল বিভাগের রায় হাতে পেলেই আমাদের সিদ্ধান্ত। মিডিয়ার হেডলাইন দেখে মন্তব্য করা যায় না। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, অ্যাপিলেড ডিভিশনের রায় এখনো পাইনি। এটা পাওয়ার পরে কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে তার আইনগত দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয় তাই করব। রায় তো পাইনি আমি। মিডিয়ার হেডলাইন দেখে তো কোনো মন্তব্য করা যায় না।

আপনারাদের আইনজীবী সেখানে ছিলেন। এই ব্যাপারে নাসিরউদ্দিন বলেন, আইনজীবীর সাথে কথা হয়নি।

ইশরাকের ইস্যুটি নিয়ে দফায় দফায় ইসির আইন শাখার সাথে বৈঠক করেন সিইসি। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসিরউদ্দিন অন্যান্য কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহর সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকরা সিইসিকে নানা প্রশ্ন করলে এড়িয়ে যান সিইসি।

ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে সমর্থকদের অবস্থান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন তার সমর্থকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘ঢাকাবাসী’ ব্যানারে তাদের এই অবস্থান শুরু হয়।

ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত সপ্তাহে বিক্ষোভ ৪৮ ঘণ্টার জন্য স্থগিত ঘোষণা করা হয়েছিল। গতকাল আবার বিক্ষোভ শুরু করেছেন তারা।

উল্লেখ্য, গতকাল ঢাকায় বিএনপির তিন সহযোগী সংগঠনের এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করেছে, সেটি সেই স্বৈরাচারের পুনরাবৃত্তির ঘটনাই আমরা দেখতে পাচ্ছি।’