চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়াজু এক্সেসরিজ কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি অ্যাক্সেসরিজ কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকার বেপজা কমপ্লেক্সে গত সোমবার এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ১৬.৩৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে যার ফলে ১,৩৯৫ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে হুয়াজু অ্যাক্সেসরিজ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজ. ইয়াং ইয়ানমেই চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। এ ছাড়া অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো: খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হুয়াজু এক্সেসরিজ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ১৬.৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ
Printed Edition



