বিবিসি
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণার পর গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নাম মেকারফিল্ড আসন থেকে লেবার পার্টির নতুন এমপি হিসেবে হাউজ অব কমন্সে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। লেবার এমপিদের তুমুল করতালির মধ্য দিয়ে তিনি শপথ নেন। মেকারফিল্ড আসন থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা যখন কমন্সে প্রবেশ করেন, তখন লেবার পার্টির বেঞ্চগুলো থেকে করতালি ও হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো কক্ষ।
তার সাথে সোমবার শপথ নেন আরো দুই নতুন এমপি। তারা হলেন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) লারা বার্ড এবং কনজারভেটিভ পার্টির ডগলাস লামসডেন। পার্লামেন্ট কক্ষে প্রবেশের সময় বার্নাম দলের সহকর্মীদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও অভিবাদনের মধ্যে হাসিমুখে মাথা নত করে সবাইকে সম্মান জানান। শপথের আনুষ্ঠানিকতা শেষে কমন্সের স্পিকারের সাথেও সৌহার্দ্যপূর্ণ কুশলবিনিময় করেন তিনি। এর মধ্য দিয়ে মেকারফিল্ডের প্রতিনিধি হিসেবে ব্রিটেনের পার্লামেন্টে তার পথচলা শুরু হল। এর আগে অ্যান্ডি বার্নাম ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্রিটেনের পার্লামেন্টে লেই আসনের লেবার পার্টির এমপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে ২০১৭ সালেই তিনি গ্রেটার ম্যানচেস্টারের মেয়র নির্বাচিত হন এবং সম্প্রতি মেকারফিল্ড উপনির্বাচনে জয়ী হয়ে আবারো পার্লামেন্টে ফিরলেন।
ব্রিটেনের রাজনীতিতে অ্যান্ডি বার্নাম অপরিচিত কেউ নন। এক দশকের বেশি সময় আগে তিনি দু’বার লেবার পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে সে সময় সফল হতে পারেননি। গত কয়েক মাসে জনমত জরিপে লেবার পার্টির জনপ্রিয়তার পারদ নেমে যাওয়া এবং গত মে মাসের স্থানীয় সরকার নির্বাচনে হতাশাজনক ফলের পর দলের অনেক এমপি এখন দলকে সঠিক পথে ফেরাতে বার্নামকেই যোগ্য মনে করছেন।



