সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ইংরেজি সাহিত্যের শিক্ষক অধ্যাপক আব্দুল বাকী চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সোমবার ভোরে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
বোর্ড চেয়ারম্যান ছাড়াও তিনি সিলেট এমসি কলেজের অধ্যক্ষ, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ ও এমসি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জালালাবাদ কলেজের অধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
অধ্যাপক আব্দুল বাকী চৌধুরী সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক চৌধুরী ফারহানা ঝুমার পিতা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক রাহাত শামসের শ্বশুর। সোমবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাাজে জানাজা শেষে তাকে শাহজালাল দরগাহ কবরস্থানে দাফন করা হয়। সিলেট ব্যুরো



