খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৯৫ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের হলরুম ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো: নাজমুস সাদাত, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও এনভায়রনমেন্ট সায়েন্স ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো: মুজিবর রহমানসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রতিনিধিদল।
এ ছাড়াও কন্ট্রোল রুম ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।



