৬ ডিআইজি ও ৩ পুলিশ সুপার পদে রদবদল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পুলিশের ছয় ডিআইজি পদে রদবদল করেছে সরকার। এর মধ্যে ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া তিনজন পুলিশ সুপারকে রদবদল করা হয়েছে।

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসবির ডিআইজি মো: ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল পুলিশ কমিশনার মো: আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি পদে দায়িত্ব দেয়া হয়েছে।

এ ছাড়া পুলিশ সদর দফতরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনে বদলি করা হয়েছে।

অপর দিকে ফরিদপুর ও ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে। একই আদেশে ফরিদপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।