‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গঠিত পরামর্শক পুলে (বিশেষজ্ঞ প্যানেল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে সদস্য মনোনীত করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে গত ২০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও পরামর্শ দেয়ার মাধ্যমে বৃক্ষরোপণ সেল ও এর সহায়ক টাস্কফোর্সকে প্রয়োজনীয় সহায়তা দিতে এই পরামর্শক পুল গঠন করা হয়েছে। ১৪ সদস্যের এই উচ্চপর্যায়ের পরামর্শক পুলে সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো: সাইমুন পারভেজ।
এই কমিটি বৃক্ষরোপণ কর্মসূচির নীতি, কৌশল, নির্দেশিকা প্রণয়ন, বিশ্বমানের আধুনিক প্রযুক্তির (যেমন: জিআইএস, রিমোট সেন্সিং, ডেটা সায়েন্স) প্রয়োগ, জলবায়ু তহবিল সংগ্রহ এবং সার্বিক অগ্রগতি পর্যালোচনায় কারিগরি ও পেশাগত পরামর্শ দেবে। বিজ্ঞপ্তি।



