আলমগীর কবির
ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রায় ১৫ মাস চিকিৎসা নেয়ার পর সম্প্রতি দেশে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বুধবার তার সুস্থতা কামনায় রাজধানীর গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন আরেক প্রবীণ অভিনেতা আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। লিটন এরশাদ জানান, টানা দেড় বছর পর দেশে ফিরে কাঞ্চন শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘমেয়াদি কেমোথেরাপির প্রভাবে তার স্মৃতিশক্তি ও বাকশক্তিতে কিছুটা প্রভাব পড়েছে।
লন্ডনে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও পুরো টিউমারটি অপসারণ সম্ভব হয়নি। পরবর্তীতে চিকিৎসকরা জানান তিনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। প্রায় তিন ধাপে শ খানেক কেমোথেরাপি ও ওরাল থেরাপি গ্রহণ করেছেন এই অভিনেতা।
চিকিৎসকদের বরাতে নিসচা প্রতিনিধি জানান, ক্যান্সারটি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েনি, যা চিকিৎসায় ইতিবাচক লক্ষণ হিসেবে ধরা হচ্ছে। আগামী থেরাপির ধাপ শুরু হওয়ার পূর্বে পরিবারের সম্মতিতেই তাকে কিছু দিনের জন্য ঢাকায় আনা হয়েছে। সত্তরের দশকে চলচ্চিত্রে পা রাখা ইলিয়াস কাঞ্চন বাংলাদেশে কয়েক ডজন জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি সড়ক নিরাপত্তা আন্দোলনের পথিকৃৎ হিসেবে গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন।



