চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-প্রচারণায় এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেও হৃদরোগে আক্রান্ত হয়ে চিরতরে রাজনৈতিক মাঠ ছাড়লেন বিএনপি নেতা সাইফুল ইসলাম খোকন। তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহসভাপতি ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুহিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গত সোমবার দিনভর নেতাকর্মীদের নিয়ে শোডাউন ও গণসংযোগ করেন তিনি। সন্ধ্যায় শালিখা বাজারের পথসভায় বক্তব্য দেন খোকন। প্রচারণা শেষে রাতে বাড়ি ফিরে ঘুমানোর প্রস্তুতি নেয়ার সময় রাত ১২টার দিকে হঠাৎ তীব্র বুকব্যথা অনুভব করেন তিনি।
স্বজনরা তাকে দ্রুত ইলিয়টগঞ্জের একটি ক্লিনিকে এবং পরে অবস্থার অবনতি হলে গৌরীপুরের হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। নামাজে জানাজায় কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন স্মৃতিচারণ করে বলেন, মরহুম খোকন দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দলটির রাজনীতি করেছেন। তার অকাল মৃত্যুতে স্থানীয় বিএনপিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।



