অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি। গতকাল ঢাকার টেলিকম ভবনে প্রফেসর মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে এ সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জাহানাবাদি প্রফেসর ইউনূসকে ইরান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। একই সাথে তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব প্রদান এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে নেয়ায় প্রফেসর ইউনূসের প্রতি আন্তরিক প্রশংসা ও কৃতজ্ঞতা জানান।
প্রফেসর ইউনূস ইরানের সর্বোচ্চ নেতার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা পুনর্ব্যক্ত করেন এবং একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইরানের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতি। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি শুধু কাম্যই নয়, বরং মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্বের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অপরিহার্য। বিজ্ঞপ্তি।



