রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল পাচারকালে আটক ১

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে পাচারকৃত ৩৭৭ বোতল মাদক উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় একটি ট্রাক জব্দ এবং এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকার রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসায়।

র‌্যাব জানায়, একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সঙ্কেত দিলে ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এরপর ট্রাকটি তল্লাশি করে আমের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন মো: মমিন (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঁঠাল চাঁদপুর এলাকার বাসিন্দা।