রেলে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
রেলগাড়ীতে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাঐখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয়রা বুধবার সকালে উপজেলার মহেশপুর রেল স্টেশনের অদূরে বাঐখোল নামক স্থানে রেল লাইনের উপরে দুই যুবকের ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে। তারা কাশিয়ানী থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পরবর্তীতে রেলওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।
কাশিয়ানী থানার এস আই আবুল হাসান জানান, তারা মাদকাসক্ত, মাদক বিক্রেতা, তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। রাতের গাড়ী চলে গেছে মনে করে তারা রেল লাইনের উপরে শুয়ে ছিল। কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদদাতা।
নাটোরে ১৪ কোটি টাকার জমি উদ্ধার
নাটোর শহরের দক্ষিণ চৌকিরপাড় এলাকায় দীর্ঘ ৩৫ বছর ধরে বেদখলে থাকা প্রায় ১৪ কোটি টাকা মূল্যের ১ দশমিক ৩৭ একর সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। হোমিওপ্যাথি কলেজসংলগ্ন মূল্যবান এই সম্পত্তিটি এতদিন একই মহল্লার মহসিন আলী ওরফে সোনার দখলে ছিল। প্রশাসন সূত্রে জানা গেছে, জমিটি সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। প্রাকৃতিকভাবে রূপান্তরিত হয়ে এটি বর্তমানে পুকুর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। দীর্ঘদিন ধরে জমিটি অবৈধ দখলে থাকায় সম্প্রতি প্রশাসনের নজরে আসে। পরে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে পরিচালনা করেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আজাহার আলী ও নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: ফরহাদ হোসেন। এ সময় নাটোর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো: মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নাটোর প্রতিনিধি।
বাঁশখালীতে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ
বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পঁয়তাল্লিশজনের মাঝে উনিশ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলার নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় হলরুমে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর ইউএনও রুহুল আমিন। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দ্বীপান্বিতা ভট্টাচার্যের সভাপতিত্বে জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ইসরাইল হকের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ আজিজুর রহমান, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: জুলকারনাইন শাওন, উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। এর আগে বিশ্ব হাতি দিবস উপলক্ষে ‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে গাছের চারা প্রদান করা হয়। বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা।
নবাবগঞ্জে লিংকেজ স্থাপনবিষয়ক কর্মশালা
প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে ‘কমিউনিটি সহযোগী নির্বাচন, সহায়তা ও লিংকেজ স্থাপন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নবাবগঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘সমান আওয়াজ’ প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। ‘সমান আওয়াজ’ প্রকল্পের আয়োজনে এবং ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) বাস্তবায়নে আয়োজিত কর্মশালায় নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সিএসও সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সচেতন ব্যক্তিরা অংশগ্রহণ করেন। নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা।
রায়পুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে ব্যতিক্রমী জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ইয়ুথ ব্লাড ব্যাংক। সংগঠনটির উদ্যোগে দুই শতাধিক লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। গতকাল সকালে রায়পুর পৌরসভার শহীদ ওসমান চত্বরে এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিভিন্ন বয়সী মানুষ ক্যাম্পে এসে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করান।
ইয়ুথ ব্লাড ব্যাংকের সভাপতি সাইফ রাকিব বলেন, ‘রক্তের গ্রুপ জানা শুধু একটি তথ্য নয়, জরুরি মুহূর্তে এটি একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক যুব দিবসকে সামনে রেখে তরুণদের মানবিক কাজে সম্পৃক্ত করা এবং রক্তদান সম্পর্কে সচেতনতা তৈরিই আমাদের মূল লক্ষ্য।’
এ সময় সংগঠনের উপদেষ্টা ফজলুল করিম, সেক্রেটারি কাউসার হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি ফয়সলসহ ‘ইয়ুথ ব্লাড ব্যাংকের সদস্যরা উপস্থিত ছিলেন। রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা।
যমুনা এক্সপ্রেস আটকে বিক্ষোভ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সকাল ৭টা ২০ মিনিটের দিকে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি মশাখালী এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা রেললাইনে লাল কাপড় টাঙিয়ে দেন। এতে ট্রেনটি আটকে যায়। পরে রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশন। গুরুত্বপূর্ণ এ স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করে আসছেন স্থানীয় বাসিন্দারা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা রেললাইন অবরোধ করেন। ময়মনসিংহ অফিস।
সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বিভিন্ন ধরনের কেমিক্যাল ও অন্য মালামাল পুড়ে যায়। স্থানীয়রা জানায়, হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ প্রতিনিধি।
ফুুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের সাজা
দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৬৭ বস্তা সারের হিসেবে গরমিল এবং সার বিক্রির রসিদ দেখাতে না পারায় এক সার ব্যবসায়ীকে এক মাসের সাজা প্রদান করা হয়েছে।
গত সোমবার রাতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই এন্টার প্রাইজের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলামকে এই সাজা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমানসহ থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল ইসলাম বলেন, মেসার্স ভাই ভাই এন্টার প্রাইজের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম সার বিক্রির রসিদ দেখাতে না পারায় এবং ৪৬৭ বস্তা সারের হিসেবে গরমিল থাকায়। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯৫৭ এর ৩ ধারা লঙ্ঘন এবং ভোক্তা অধিকার আইনে তাকে ১ মাসের সাজা প্রদান করা হয়েছে। ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা।


