ইউরোপের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান স্টারমারের

Printed Edition
ইউরোপের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান স্টারমারের
ইউরোপের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান স্টারমারের

রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সমালোচনা করার পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গতকাল বুধবার বলেছেন, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অস্থিতিশীলতার অর্থ হলো- ব্রিটেনের উচিত ইউরোপের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের দিকে মনোযোগ দেয়া।

স্টারমার বলেন, গ্রীষ্মে ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি শীর্ষ সম্মেলনের কেন্দ্রবিন্দুতে থাকবে ইউরোপের সাথে শক্তিশালী সম্পর্ক স্থাপন। তিনি সতর্ক করে বলেন, ইরান যুদ্ধের পরিণতি এক প্রজন্ম ধরে স্থায়ী হবে। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে স্টারমার সাংবাদিকদের বলেন, ‘এটা ক্রমেই স্পষ্ট হচ্ছে যে, বিশ্ব যখন এই অস্থিতিশীল পথে এগিয়ে চলেছে, তখন আমাদের দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থের জন্য ইউরোপে আমাদের মিত্রদের সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্ব প্রয়োজন।’

ট্রাম্প বারবার স্টারমারকে অপমান করেছেন। ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধে যোগ দিতে অনিচ্ছুক হওয়ায় তাকে কাপুরুষ বলেছেন, তিনি ‘উইনস্টন চার্চিল নন’ বলে মন্তব্য করেছেন এবং ব্রিটেনের বিমানবাহী রণতরীগুলোকে ‘খেলনা’ বলে বর্ণনা করেছেন। ঐতিহ্যগতভাবে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্রিটিশ পররাষ্ট্রনীতি সরে আসছে, এমন ইঙ্গিত দিয়ে স্টারমার বলেন যে তিনি তার দেশের ভবিষ্যৎ ইউরোপের সাথে আরো বেশি সংযুক্ত দেখছেন।

২০২৪ সালে ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, স্টারমার নিজেকে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সংযোগকারী মাধ্যম হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন; কিন্তু ইরান যুদ্ধকে কেন্দ্র করে তাদের সম্পর্ক খারাপ হয়েছে।