বিকন ফার্মার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Printed Edition

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিরুদ্ধে এক বিধবা নারী ও তার ছেলের প্রায় সাত কোটি টাকা মূল্যের সাড়ে ৫৬ শতাংশ জমি জবরদখলের অভিযোগ উঠেছে। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালী এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার কাঁঠালী গ্রামের মৃত রুহুল আমীন সরকারের স্ত্রী রূপালী বেগম আরএস রেকর্ডীয় মালিকের কাছ থেকে কাঁঠালী মৌজার ২৭১ নম্বর দাগে মোট ১ একর ১৬ শতাংশ জমি ক্রয় করেন। এর মধ্যে ৩২ শতাংশ জমি তিনি তার সন্তানদের হেবা করে দেন এবং ১৪ শতাংশ জমি বিক্রি করেন। অবশিষ্ট ৭০ শতাংশ জমিতে তার ছেলে অমিত হাসান হৃদয় দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছিলেন।

ভুক্তভোগীদের দাবি, গত বছরের জুন মাস থেকে বিকন ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ ওই জমির মধ্য থেকে সাড়ে ৫৬ শতাংশ জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এ নিয়ে আদালতে দু’টি মামলাও চলমান রয়েছে। এরই মধ্যে গত ৪ ডিসেম্বর কোম্পানি কর্তৃপক্ষ বিরোধপূর্ণ জমিতে মাটি ভরাট, ইটের দেয়াল নির্মাণ ও টিনের বেড়া দিয়ে চূড়ান্তভাবে দখলে নেয়।

জমির মালিকের ছেলে অমিত হাসান হৃদয় বলেন, সিএস থেকে বিআরএস পর্যন্ত আমাদের জমির সব কাগজপত্র সঠিক রয়েছে। বিকন ফার্মার সাবেক এমডি এবায়দুল করিমের মৃত্যুর পর তার ছেলে উলফত করিম দায়িত্ব নিয়ে আইন-আদালত তোয়াক্কা না করে পেশিশক্তি ও স্থানীয় ভূমিদস্যুদের মাধ্যমে আমাদের জমি দখল করে নিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে বিকন ফার্মাসিউটিক্যালসের অ্যাডমিন ম্যানেজার ফাইজার রশিদ বলেন, কোম্পানি সঠিক দলিলপত্র দেখেই জমি কিনেছে। আমরা সম্পূর্ণ বৈধ অবস্থানে আছি। যারা দাবি করছে তারা ভিত্তিহীন তথ্য দিচ্ছে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় কাজ করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজাররা বিষয়টি দেখছেন।

ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি। উভয়পক্ষকে ডেকে শুনানি ও নথিপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।