সাংস্কৃতিক প্রতিবেদক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে অভিনেতা জয় চৌধুরী বিজয়ী হয়েছেন। শনিবার ভোর পৌনে ৫টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে।
এর আগে শুক্রবার দিনভর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার কামাল মো: কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট। এবারের নির্বাচনে মূলত দুটি পূর্ণাঙ্গ প্যানেল- ‘শিবা শানু-জয় চৌধুরী পরিষদ’ এবং ‘আরমান-মুক্তি পরিষদ’-এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহসভাপতি পদে ডিএ তায়েব (২৬০ ভোট) ও ইলিয়াস কোবরা (২১৬ ভোট) নির্বাচিত হয়েছেন। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করে নূতন ২০৪ ভোট এবং রোজিনা ১৫২ ভোট পেয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সুব্রত, যেখানে তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বী চুন্নু পান ১৮২ ভোট।
এ ছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির (২৭২ ভোট), দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর (২২১ ভোট), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব (২২৬ ভোট) এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল (২২১ ভোট) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে সাধারণ ভোটারদের রায়ে নির্বাচিত হয়েছেন ১১ জন অভিনেতা-অভিনেত্রী। তারা হলেন- আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত। এই নতুন নেতৃত্ব আগামী দুই বছর চলচ্চিত্র শিল্পীদের এই শীর্ষ সংগঠনের দায়িত্ব পালন করবেন।



