আড়াইহাজারে বিএনপি নেতার ভাইয়ের হামলায় চিকিৎসক আহত

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন ও তার সাথে থাকা কয়েকজনের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল সকালে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

এই ঘটনার প্রতিবাদে কয়েক ঘণ্টা জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখেন চিকিৎসকরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করলে চিকিৎসাসেবা স্বাভাবিক করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, চামুরকান্দি এলাকার ফিরোজা বেগম পেটব্যথার চিকিৎসা নিতে জরুরি বিভাগে আসেন। দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা আব্দুল্লাহ আল কামাল প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীর স্বামী বিল্লাল হোসেনকে একটি ইনজেকশন বাইরে থেকে কিনে আনতে বলেন।

পরে বিল্লাল হোসেন ইনজেকশন কিনে এনে সেটি প্রয়োগ করার অনুরোধ করেন। তবে সে সময় জরুরি বিভাগে অন্য এক গুরুতর রোগীর চিকিৎসা দিচ্ছিলেন আব্দুল্লাহ আল কামাল। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে বিল্লাল হোসেন ও তার সাথে থাকা কয়েকজন আব্দুল্লাহ আল কামালকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী চিকিৎসক ও আনসার সদস্যরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়।