বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ সম্মাননায় ভূষিত মিতু

Printed Edition
বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ সম্মাননায় ভূষিত মিতু
বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ সম্মাননায় ভূষিত মিতু

বিনোদন প্রতিবেদক

শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি কানিজ খন্দকার মিতু গানের সাথেও মনে প্রাণে জড়িত। ভীষণ ভালোলাগে তার গান গাইতে। যে কারণে শিক্ষকতা পেশার গুরু দায়িত্ব পালন শেষে যেটুকু সময় তিনি পান তার পুরোটাই তিনি গানেই দেয়ার চেষ্টা করেন। টাঙ্গাইলের সন্তান মিতু এরই মধ্যে গানের ভুবনে পথচলার স্বীকৃতিস্বরূপ ‘বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ’ সম্মাননায় ভূষিত হয়েছেন। দু’দিন আগেই রাজধানীর কচিকাঁচার মেলা মিলনায়তনে তিনি এই সম্মানায় ভূষিত হন। এই প্রজন্মের একজন শ্রোতাপ্রিয় লোক সঙ্গীতশিল্পী হিসেবে মিতু এই সম্মাননায় ভূষিত হন। মিতু বলেন, ‘শ্রদ্ধেয় বারী সিদ্দিকী সম্মাননা ২০২৫-এ মনোনীত হওয়ার খবরটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। সুরের জাদুকর, বিশিষ্ট সুরকার, গীতিকার ও মায়াবী বংশীবাদক প্রয়াত শ্রদ্ধেয় বারী সিদ্দিকীর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত স্মৃতিচারণ ও গুণীজন সম্মাননায় আমাকে সম্মানিত করা হয়েছে। বাংলা লোকসঙ্গীতের এই কিংবদন্তি শ্রদ্ধেয় বারী সিদ্দিকীর স্মরণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অনেক ভালো লেগেছে। এই সম্মান শুধু আমার ব্যক্তিগত অর্জনই নয়, একজন শিল্পী ও গবেষক হিসেবে এটি লোকসঙ্গীতের ঐতিহ্য, আমাদের মাটির গান ও সংস্কৃতির প্রতি আজীবনের নিবেদনকে আরো একধাপ এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা। আমার প্রতি ভালোবাসা, সহযোগিতা ও আশীর্বাদ যারা রেখেছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ এই আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে। সঙ্গীতের পথে এগিয়ে যেতে আপনাদের সবার দোয়া ও ভালবাসা কামনা করছি। লোকসঙ্গীত বাঁচুক, মাটির গান এগিয়ে যাক।’ এরই মধ্যে মিতু বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত গানের অনুষ্ঠান ‘শেকড়ের গান’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। এরই মধ্যে নাগরিক টিভির ‘বাংলা বাউল’ অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেছেন মিতু। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে সবুজ খান পরিচালিত ‘বেহুলা দরদি’ শিরোনামের একটি সিনেমা। এই সিনেমাতে মিতু ‘বিদায় দেন বিদায় দেন আমার মাগো’ শিরোনামের একটি গান গেয়েছেন। এটি একটি ট্রেডিশনাল গান। মিউজিক অ্যারেজমেন্ট করেছেন নির্ঝর চৌধুরী। ২০২২ সালে কোক স্টুডিতে প্রকাশিত মিতুর কণ্ঠে ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’ গানটি শ্রোতা দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলে। গানটি এখন পর্যন্ত তিন কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।