পিরোজপুরে ৩৫০ কৃতী শিক্ষার্থীকে শিবিরের সংবর্ধনা

Printed Edition
পিরোজপুরে কৃতী শিক্ষার্থীর হাতে উপহার তুলে দিচ্ছেন জামায়াত ও শিবিরের নেতারা : নয়া দিগন্ত
পিরোজপুরে কৃতী শিক্ষার্থীর হাতে উপহার তুলে দিচ্ছেন জামায়াত ও শিবিরের নেতারা : নয়া দিগন্ত

পিরোজপুর প্রতিনিধি

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখা। গতকাল শনিবার সকালে পিরোজপুর কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বই তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এজিএস ফেরদৌস আল হাসান।

ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মিজানুর রহমান। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।