লিটনের নীরব অর্জন শততম ওয়ানডে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

কোনো বাড়তি আয়োজন নয়, সংক্ষিপ্ত এক মুহূর্তেই স্বীকৃতি। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরুর আগে একটি বিশেষ ক্যাপ, যা তুলে দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সতীর্থদের ভিড়ে সেই মুহূর্তটি ছিল ছোট, কিন্তু তাৎপর্যে ভারী। তবে এ ম্যাচে করেছেন ৭ রান।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নীরবে লেখা হয়ে গেল লিটন কুমার দাসের আরেকটি ব্যক্তিগত অধ্যায়। তিনি পা রাখলেন শততম ওয়ানডেতে। বাংলাদেশের হয়ে এই মাইলফলক ছোঁয়া ১৪তম ক্রিকেটার তিনি। লিটনের পথচলা সহজ ছিল না। ৯৯ ম্যাচ খেলার এই যাত্রায় দলের মোট ম্যাচের বড় অংশেই ছিলেন একাদশে। কখনো ওপেনার, কখনো মিডল অর্ডার। দলের প্রয়োজনেই বদলেছে তার ভূমিকা। পরিসংখ্যান বলছে ৯৮ ইনিংসে ২৭০০ রান, গড় ৩০-এর একটু বেশি। আছে ৫টি সেঞ্চুরি, ১২টি ফিফটি।