নয়া দিগন্ত ডেস্ক
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের সাথে যুক্ত হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় যোগগুরু রামদেব। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। একইসাথে তিনি দাবি করেছেন, এসব দেশে হিন্দুরা নিগ্রহ ও অবিচারের শিকার হচ্ছেন। তবে এ দাবির পক্ষে কোনো তথ্য বা প্রমাণ দেননি তিনি।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ছত্তিশগড়ের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন রামদেব। সেখানে সনাতন ধর্ম, শাসনব্যবস্থা ও গণতন্ত্র নিয়ে মন্তব্য করেন তিনি।
রামদেব বলেন, বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুরা যে নিগ্রহ ও অবিচারের শিকার হচ্ছেন, তা মানবসভ্যতার অন্যতম বড় নিষ্ঠুরতা। তিনি বলেন, ‘বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন ভারতের সাথে আবার একীভূত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।’



