নন-এমপিও শিক্ষকদের দাবি পূরণে সরকারকে আরো আন্তরিক হতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয়ে গতকাল সোমবার বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারের সভাপতিত্বে নন-এমপিও ঐক্য পরিষদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকের আলোচনায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি পূরণে সরকারকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: ফয়সালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বৈঠকে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এমপিওভুক্তকরণ প্রক্রিয়া, এর নীতিমালা, বাস্তবায়ন কৌশল ও সরকারের চলমান পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতাদেরকে এমপিও নীতিমালার বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।

বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তাকে স্বাগত জানান। তারা বলেন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে তারা সরকারের সাথে পূর্ণ সহযোগিতা করবেন।