চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগরীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে তিনটি ঝটিকা মিছিল হয়েছে। শুক্রবার সকালে মেহেদিবাগ, দুপুরে পলোগ্রাউন্ড এলাকা এবং ২ নম্বর ষোলশহর কর্ণফুলী মার্কেটের সামনে থেকে মিছিলগুলো বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ মিছিলগুলো থেকে ৯ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল দুপুরে তিনটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়।
ভিডিওতে দেখা যায়, নগরের জিইসি, ২ নম্বর গেট ও সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারের বিক্ষোভ মিছিল হয়েছে। জিইসি এলাকার মিছিলটি শুক্রবার সকালে এবং লালখান বাজার ও সিআরবি এলাকার মিছিলটি জুমার নামাজের পর হয়েছে বলে দাবি করা হয়েছে ফেসবুক পেজগুলোতে।
সিআরবি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নগরের টাইগারপাস এলাকার দিকে যায়। সেখানেও শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেয়া হয়।
কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন বলেন, সবাই যখন জুমার নামাজ পড়তে গেছে তখন পলোগ্রাউন্ড স্কুলের সামনে থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। কয়েক সেকেন্ডের সেই মিছিল শেষ হওয়ার আগেই আমাদের টহল টিম হানা দিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে। অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এদিকে জিইসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে যেতে দেখা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে কয়েকজন মিছিলে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের সমর্থনে নানা স্লোগান দেন। অন্যদিকে লালটুপি পরে ষোলশহর কর্ণফুলী কাঁচাবাজারের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। মিছিলটি কাঁচাবাজারের দিক থেকে ষোলশহর মোড়ের দিকে আসে।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুর রহমান বলেন, সকালে মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতা চলতে দেয়া হবে না।



