ঈদের দীর্ঘ ছুটিতে বান্দরবানে প্রচুর পর্যটক আগমনের সম্ভাবনা

Printed Edition
পাহাড়ের পাদদেশে নতুন রিসোর্ট	 : নয়া দিগন্ত
পাহাড়ের পাদদেশে নতুন রিসোর্ট : নয়া দিগন্ত

মিনারুল হক বান্দরবান

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিকে ঘিরে পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকদের ব্যাপক সমাগমের সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আবিষ্কৃত নতুন পর্যটনকেন্দ্রগুলো ঘিরে বাড়ছে ভ্রমণপিপাসুদের আগ্রহ। সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদে রেকর্ডসংখ্যক পর্যটক বান্দরবানে ভিড় জমাতে পারেন।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বান্দরবান বরাবরই পর্যটকদের অন্যতম আকর্ষণ। সবুজ পাহাড়, ঝিরি-ঝরনা, নদী ও বৈচিত্র্যময় পাহাড়ি সংস্কৃতির কারণে প্রতি বছরই এখানে ভ্রমণকারীদের আগমন ঘটে। প্রচলিত পর্যটন স্পট যেমন নীলাচল, নীলগিরি, মেঘলা, চিম্বুক, দেবতা খুম, হ্নাফাখুম, বগালেক ও কেওক্রাডং ছাড়াও গত কয়েক বছরে নতুন বেশ কিছু পর্যটনকেন্দ্র যুক্ত হয়েছে।

নতুন আকর্ষণের তালিকায় রয়েছে ডাবল ফল্স, অমিয়া খুম, সাতভাই খুম, তিনাপ সাইথারসহ আরো বেশ কিছু নয়নাভিরাম স্থান। এসব দুর্গম ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গাগুলো এখন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ ভ্রমণপ্রেমীরা নতুন গন্তব্য খুঁজে এসব স্থানে ছুটছেন।

থানচি উপজেলার পর্যটক গাইড মো: হারুন জানান, প্রচলিত স্পটের বাইরে গিয়ে নতুন জায়গা ঘুরে দেখার প্রবণতা বাড়ছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুর্গম এলাকাগুলোতেও পর্যটকরা সহজে যেতে পারছেন।

জেলা শহর ও বিভিন্ন উপজেলায় তিন শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। ঈদকে সামনে রেখে অধিকাংশ আবাসিক হোটেলে আগাম বুকিং প্রায় পূর্ণ হয়ে গেছে। কেওক্রাডং পাহাড়ের পাদদেশে সুংসং পাড়ায় নতুন রিসোর্ট, দুর্গম এলাকায় সাতভাই খুম এবং পাহাড়ি জুমঘরে থাকার মতো ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতাও পর্যটকদের আকর্ষণ করছে।

জেলা হোটেল-মোটেল মালিক সমিতির নেতা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, দীর্ঘ ছুটিতে পর্যটকরা নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান। শহরে অবস্থান করলেও তারা দুর্গম ও নতুন স্পটগুলোতে ভ্রমণ করতে আগ্রহী হচ্ছেন। এ কারণে দুর্গম এলাকাতেও নতুন রিসোর্ট গড়ে উঠছে।

জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, ঈদে পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। পর্যটন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং যাতায়াত সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেয়া হয়েছে।

সব মিলিয়ে ঈদের দীর্ঘ ছুটিতে বান্দরবান হয়ে উঠতে যাচ্ছে ভ্রমণপিপাসুদের প্রধান গন্তব্য। নতুন পর্যটনকেন্দ্রের আকর্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতির ফলে এবারের ঈদে পর্যটকের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।